ব্রাজিল ফুটবলের বড় তারকা নেইমার জুনিয়র ২০২৬ ফিফা বিশ্বকাপ আসরে খেলার লক্ষ্যে সান্তোসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছেন। এই ক্লাবটির সঙ্গে নেইমারের সম্পর্ক বেশ পুরোনো, তাকে সান্তোসের ঘরের ছেলে নামেও ডাকা হয়।
ব্রাজিলীয় স্থানীয় গণমাধ্যম এবং ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনে জানা গেছে, নেইমার তার বর্তমান ক্লাব সান্তোস এফসির সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন। ফলে তিনি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবে থাকবেন।
হাঁটুর চোট থেকে ফিরে এসে ২০২৫-এ তার পুরোনো পারফরম্যান্স দেখান। শেষ সাত ম্যাচে তিনি পাঁচটি গোল করেছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তার ভবিষ্যৎ অনিশ্চিত থাকলেও, জাতীয় দলে ফেরার জন্য সে তার সেরাটা দেখিয়েছেন।
সম্প্রতি নেইমার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ফিফা বিশ্বকাপে যদি আমাকে নির্বাচিত করা হয়, আমি বিশ্বকাপে নিজের সেরাটা দিয়ে খেলব এবং দল যদি ফাইনালে পৌঁছায়, আমি ফাইনালে গোল করব, এবং দলকে জেতাব।
নেইমার ২০২৩-এর সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে। দীর্ঘ ইনজুরিতে গত ২৭ মাসে ফেরা হয়নি হলুদ জার্সিতে।
ইনজুরি নিয়েও গত মৌসুমে ব্রাজিলের সেরি এ-তে তিনি ১১ গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন এবং দলকে লিগে ধরে রাখতে সাহায্য করেছেন। এ ছাড়া সেপ্টেম্বরে নেইমার পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হয়েছেন, ১২৮ ম্যাচে ৭৯ গোল করে।
ডেইলি মেইলের প্রতিবেদনে আরও জানা গেছে, বিশ্বকাপের জন্য নেইমার ‘চূড়ান্ত প্রস্তুতি’ নিচ্ছেন। তিনি ব্রাজিলীয় ফিজিওথেরাপিস্ট এডুয়ার্দো সান্তোসের সাহায্য নিচ্ছেন, যিনি ‘ড. মিরাকল’ নামে পরিচিত।
এদিকে, ব্রাজিল কোচ আনচেলোত্তি বলেছেন, নেইমার যদি বিশ্বকাপের আগে শতভাগ ফিট হয়ে ফিরতে পারে তাহলে তার জন্য ২০২৬ বিশ্বকাপের দরজা খোলা রয়েছে। তবে, আনফিট হলেও তাকে দলে নেওয়া সম্ভব না।


