২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক মাস বাকি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছে অনেকেই। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়েছিল লিওনেল মেসির দল। এবার লক্ষ্য—শিরোপা ধরে রাখা।
এরই মধ্যে আর্জেন্টিনার সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে একটি প্রাথমিক ধারণা দিয়েছেন দেশটির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল। কোচ লিওনেল স্কালোনির কৌশল, খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ও ইনজুরি পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি সম্ভাব্য ২৬ জনের একটি খসড়া তালিকা প্রকাশ করেছেন।
বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে-তে। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন একই ভেন্যুতে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
গাস্তুন এদুল খেলোয়াড়দের বর্তমান অবস্থান অনুযায়ী চারটি ভাগে ভাগ করেছেন—নিশ্চিত, সম্ভাবনাময়, আপাতত বাইরে এবং প্রায় বাদ পড়া।
নিশ্চিত স্কোয়াডে যারা
এদুলের মতে, বড় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে এই খেলোয়াড়রা বিশ্বকাপে থাকবেনই।
গোলরক্ষক
এমি মার্টিনেজ, জেরোনিমো রুল্লি
ডিফেন্ডার
নাহুয়েল মলিনা, গনসালো মোন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো
মিডফিল্ডার
রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, গুইলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা
শেষ কয়েকটি জায়গার লড়াইয়ে যারা
স্কোয়াডের ২১ থেকে ২৬ নম্বর জায়গার জন্য এখনো লড়াই চলছে।
এ তালিকায় এগিয়ে আছেন—ওয়াল্টার বেনিতেস (তৃতীয় গোলরক্ষক), হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস সেনেসি, মার্কোস আকুনিয়া, ভ্যালেন্তিন বার্কো, এজেকিয়েল পালাসিওস, ফ্রাঙ্কো মাস্তানতুয়নো এবং হোসে মানুয়েল লোপেস।
আপাতত স্কালোনির ভাবনায় নেই যারা
প্রতিভা থাকা সত্ত্বেও ইনজুরি ও অনিয়মিত পারফরম্যান্সের কারণে আপাতত স্কোয়াডের বাইরে রয়েছেন পাওলো দিবালা। এছাড়া মাতিয়াস সুলে, হোয়াকিন পানিচেল্লি ও আলান ভারেলাও এখনো মূল দলে ঢোকার মতো অবস্থানে নেই।
প্রায় বাদ পড়া তালিকায়
ভ্যালেন্তিন গোমেস, একুই ফের্নান্দেস, ক্লাউদিও এচেভের্রি, ভ্যালেন্তিন কার্বোনির মতো তরুণরা ভবিষ্যতের জন্য বিবেচনায় থাকলেও এবারের বিশ্বকাপে তাদের সুযোগ পাওয়া কঠিন।
এদিকে আলেহান্দ্রো গারনাচোর বিষয়টি আলাদা হলেও ধারাবাহিকতার অভাবে তিনিও পিছিয়ে আছেন। একইভাবে আঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও আগুস্তিন রোসিরাও বর্তমানে স্কালোনির রাডারের বাইরে।



