ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন ভিনিসিয়ুস জুনিয়র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৫:৪৬ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে হারলেও ব্যক্তিগত কীর্তিতে ইতিহাস গড়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

গত রোববার টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয় রিয়াল ও বার্সেলোনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়া রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিট) মাঝমাঠ থেকে দুর্দান্ত একক দৌড়ে বার্সার ডিফেন্ডার জুল কুন্দেকে পরাস্থ করে চোখধাঁধানো গোল করেন তিনি।

এই গোলের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের ফাইনাল ইতিহাসে এক অনন্য রেকর্ডে নাম লেখান ভিনি। ক্লাবের হয়ে ফাইনাল ম্যাচে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি।

২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১৫টি ফাইনাল খেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এসব ম্যাচে তার গোল ৯টি, অ্যাসিস্ট ৭টি—মোট ১৬টি গোল অবদান। এতেই তিনি ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড।

রোনালদো রিয়ালের হয়ে ১৮টি ফাইনাল খেলেছিলেন। তার গোল ছিল ১৫টি, অ্যাসিস্ট মাত্র ১টি—মোট অবদানও ১৬। এছাড়া এই তালিকায় ভিনিসিয়ুসের সঙ্গে আছেন ক্লাব কিংবদন্তি করিম বেনজেমা (২৯ ফাইনাল) ও ফেরেঞ্চ পুসকাস (৮ ফাইনাল)।

তাদের সবার গোল অবদানই ১৬টি করে। তালিকায় ঠিক পরেই রয়েছেন আরেক কিংবদন্তি আলফ্রেদো দি স্টেফানো—১৫ ফাইনালে তার অবদান ১৩টি।

আগামী কোনো ফাইনালে একটি গোল বা অ্যাসিস্ট করলেই রিয়াল মাদ্রিদের ইতিহাসে এককভাবে শীর্ষে উঠে যাবেন ভিনিসিয়ুস জুনিয়র।

তবে ফাইনালে দলীয় সাফল্যের বিচারে এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর ধারেকাছেও নেই ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে রোনালদো ১৮টি ফাইনালের মধ্যে ১৪টিতেই শিরোপা জিতেছেন, যার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তার জয় হার অনুপাত প্রায় ৭৭.৭ শতাংশ।

অন্যদিকে ভিনিসিয়ুস এখন পর্যন্ত ১৫টি ফাইনালে ১০টিতে জয় পেয়েছেন। হার মানতে হয়েছে ৫টিতে—এর মধ্যে চারটি স্প্যানিশ সুপার কাপ (২০২১, ২০২৩, ২০২৫ ও ২০২৬) এবং একটি ২০২৫ সালের কোপা দেল রে ফাইনাল। ফলে তার ফাইনাল জয়ের হার দাঁড়িয়েছে ৬৬.৬ শতাংশে।