ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দ্রুততম ৫০ গোলের মালিক রোনালদোর পরই এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০১:১৬ পিএম
শনিবার পেনাল্টি থেকে নিজের ৫০তম লা লিগা গোলটি করেন এমবাপ্পে। ছবি : সংগৃহীত

লা লিগায় দ্রুততম ৫০ গোল করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই শতাব্দীতে তার চেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো।শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ২-০ গোলের জয়ে পেনাল্টি থেকে নিজের ৫০তম লা লিগা গোলটি করেন এমবাপ্পে।

এই কীর্তি গড়তে রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি সুপারস্টারের লেগেছে মাত্র ৫৩ ম্যাচ। এর আগে ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ৫১ ম্যাচেই ৫০ গোল করেছিলেন। দ্রুততম ৫০ লা লিগা গোলদাতার তালিকায় এ দুজনের পর আছেন লুইস সুয়ারেজ (৫৯ ম্যাচ), রাদামেল ফালকাও (৬৪), রবার্ট লেভানডভস্কি (৭৮) ও নেইমার (৮৪ ম্যাচ)।

রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় ২৯২ ম্যাচে রেকর্ড ৩১১ গোল করেছেন, যা এখনো কেউ ভাঙতে পারেনি। সেই রেকর্ডে পৌঁছানো এমবাপ্পের জন্য কঠিন হলেও তার বর্তমান ফর্ম ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে অল্প সময়েই নিজেকে স্প্যানিশ লিগে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।

লেভান্তের বিপক্ষে ম্যাচের ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে নিজের ৫০তম গোলটি করেন এমবাপ্পে। এরপর অ্যাসেনসিও গোল করে জয় নিশ্চিত করেন। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র ১ পয়েন্ট পেছনে রইল রিয়াল।

ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের প্রশংসা করে বলেন, ‘সে আমাদের নেতা। হাঁটুর ব্যথা থাকা সত্ত্বেও দলকে সাহায্য করতে মাঠে নামতে চেয়েছে। এমন মানসিকতা একজন স্বাভাবিক নেতারই পরিচয়।’