ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেষ রাতের মহোৎসব আজ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এখন চূড়ান্ত রোমাঞ্চে। আজ ২৮ জানুয়ারি, ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ দিন। ৩৬টি দল একই সঙ্গে মাঠে নামছে তাদের ভাগ্য পরীক্ষা করতে। কারোর লক্ষ্য সরাসরি শেষ ষোলো, আর কেউ লড়ছে টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগের জন্য।

এখন পর্যন্ত মাত্র দুটি দল—আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ—নিজেদের অবস্থান টেবিলের শীর্ষে রেখে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে। বাকি ৬টি টিকিটের জন্য আজ রাতে লড়াই করবে একঝাঁক জায়ান্ট।

পয়েন্ট টেবিলের প্রথম ৮টি দল সরাসরি পরের রাউন্ডে যাবে। ৯ থেকে ২৪ নম্বর দলগুলো খেলবে প্লে-অফ। বাকিরা বিদায় নেবে। 

সেই হিসেবে আজকের গুরুত্বপূর্ণ লড়াইগুলো হলো

রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও টটেনহ্যাম : এই তিন দলই সুবিধাজনক অবস্থানে আছে। বেনফিকার বিপক্ষে রিয়াল, কারাবাখের বিপক্ষে লিভারপুল এবং ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে টটেনহ্যাম জিতলেই সরাসরি নকআউটে চলে যাবে।

পিএসজি বনাম নিউক্যাসল : আজকের রাতের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ১৩। এই ম্যাচে যে জিতবে, সে সরাসরি পরের ধাপে যাবে। হারলে খেলতে হতে পারে প্লে-অফে।

বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি : বার্সাকে আজ কোপেনহেগেনের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে গোল করতে হবে। অন্যদিকে, পেপ গার্দিওলার সিটিকে জিততে হবে গালাতাসারাইয়ের বিপক্ষে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে।

চেলসি ও আতলেতিকো মাদ্রিদ : নাপোলির মাঠে চেলসি জিতলে সরাসরি যাওয়ার সম্ভাবনা প্রবল। আতলেতিকো মাদ্রিদকেও তাদের ম্যাচে বড় জয়ের বিকল্প নেই।

এদিকে, টুর্নামেন্টের লিগ পর্ব থেকেই ছিটকে পড়া নিশ্চিত হয়ে গেছে কয়রাত আলমাতি, ভিয়ারিয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। আজ তাদের জন্য ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার।