কায়সেরিস্পোরের বিপক্ষে দাপুটে জয়ের পর গালাতাসারে সমর্থকদের জন্য আরও বড় এক চমক নিয়ে হাজির হলেন প্রবীণ ধারাভাষ্যকার লেভেন্ট তুজেমেন।
তুর্কি সংবাদমাধ্যম 'এ স্পোর'-এ দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি জানান, ইন্টার মিয়ামি থেকে লিওনেল মেসিকে চার মাসের একটি স্বল্পমেয়াদী চুক্তিতে আনার চেষ্টা করছে গালাতাসারে ম্যানেজমেন্ট।
তুজেমেনের দাবি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজের ফিটনেস ধরে রাখতে এই প্রস্তাবে প্রাথমিক সম্মতি বা ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন এলএম১০। তবে এই চুক্তির পেছনে রয়েছে এক অদ্ভুত ও নির্দিষ্ট শর্ত।
মেসি কেবল ইস্তাম্বুলের ‘র্যামস পার্কে’ অর্থাৎ ক্লাবের হোম ম্যাচগুলো খেলবেন। ভ্রমণজনিত ক্লান্তি এবং ইনজুরি ঝুঁকি এড়াতে তিনি অ্যাওয়ে (অন্য মাঠে) ম্যাচগুলোতে অংশ নিতে আগ্রহী নন।
তুজেমেন বলেন, ম্যানেজমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে। মেসি আমেরিকার লিগের শারীরিক ধকল নিয়ে চিন্তিত এবং বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়তে চান না। এই প্রকল্পের অধীনে তিনি ইস্তাম্বুলে মোট ১২টি ম্যাচ খেলতে পারেন।
কেন এই প্রস্তাব?
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে মেসি চান এমন এক প্রতিযোগিতামূলক পরিবেশে থাকতে যেখানে শরীর খুব বেশি ক্লান্ত হবে না। জানা যায়, আমেরিকার মেজর লিগ সকার বর্তমানে অফ-সিজনে থাকায় এই সময়টাকে কাজে লাগাতে চায় গালাতাসারে।
এছাড়াও তুর্কি ক্লাবটি একে কেবল দলবদল নয়, বরং একটি বড় মাপের 'প্রজেক্ট' হিসেবে দেখছে। এমনকি দল তুর্কি কাপের ফাইনালে উঠলে মেসি সেই ম্যাচেও অংশ নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
যদিও এই খবরে ইস্তাম্বুল জুড়ে উন্মাদনা ছড়িয়েছে, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ইন্টার মিয়ামি বা মেসির প্রতিনিধিরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।



