লিওনেল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেললেও, তার মন পড়ে আছে স্পেনে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফুটবল থেকে অবসরের পর সপরিবারে বার্সেলোনায় ফিরে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন এই আর্জেন্টাইন জাদুকর।
দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলার পর ২০২১ সালে ক্লাবের আর্থিক সংকটের কারণে চোখের জলে ক্যাম্প ন্যু ছাড়তে হয়েছিল মেসিকে। এরপর প্যারিস সেন্ট জার্মেই হয়ে বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে।
সেখানে তিনি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপ জিতেছেন এবং বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছেন।
ইন্টার মিয়ামিতে মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে বেশ ভালোই সময় কাটাচ্ছেন। তবে স্পেনের সংবাদমাধ্যম স্পোর্ট-কে দেওয়া তথ্যানুযায়ী, মেসি স্পষ্ট করেছেন যে বার্সেলোনা তাদের কাছে ‘নিজের ঘর’-এর মতোই।
মেসি বলেন, আমরা বার্সেলোনাকে খুব মিস করি। আমি সত্যিই সেখানে ফিরে যেতে চাই। পুনর্নির্মিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামটি দেখার জন্য মুখিয়ে আছি।
বার্সেলোনায় ফিরলেও খেলোয়াড় হিসেবে পুনরায় বার্সায় নামার সম্ভাবনা মেসি আগেই নাকচ করে দিয়েছেন।


