বার্সেলোনার এবারের মৌসুমটা স্বপ্নের মতোই কাটছিল। হান্সি ফ্লিকের অধীনে উড়ন্ত ফর্মে থাকা দলটিকে হঠাৎই মাটিতে নামিয়ে আনল আতলেতিকো মাদ্রিদ।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ মেত্রোপলিতানোয় বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে দিয়েগো সিমেওনের শিষ্যরা। এই বিশাল জয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল মাদ্রিদের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই বার্সাকে নাকানি-চুবানি খাওয়াতে থাকে আতলেতিকো। প্রথমার্ধেই বার্সেলোনার জালে চারবার বল জড়িয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে স্বাগতিকরা। গত দুই দশকে এই নিয়ে মাত্র তৃতীয়বার বিরতির আগেই ৪ গোল হজম করল কাতালানরা।
ম্যাচের ৮ মিনিটে এরিক গার্সিয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আতলেতিকো। এর ছয় মিনিট পর, ১৪ মিনিটে ব্যবধান ২-০ করেন বার্সার প্রাক্তন তারকা আঁতোয়ান গ্রিজমান।
৩৩ মিনিটে গোল উৎসবে যোগ দেন আদেমোলা লুকম্যান। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সার কফিনে শেষ পেরেকটি ঠোকেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়া বার্সা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায়।
দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ফ্লিকের দল। পাউ কুবারসি বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের শেষের দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বার্সার যন্ত্রণা আরও বাড়ে।
আগামী ৩ মার্চ বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ফিরতি লেগ। ফাইনালে উঠতে হলে হান্সি ফ্লিকের দলকে এখন অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।


