ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারী ফুটবল দলকে নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:০০ পিএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার সর্বোচ্চ ফুটবল মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি নারী এশিয়ান কাপ। 

এই আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই মিশনে অংশ নিতে আজ (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ঋতুপর্ণারা।

বাঙালি নারীদের এই গৌরবময় যাত্রায় শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ এক বিশেষ বার্তায় তিনি দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান। 

বার্তায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়ন নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।

প্রতিপক্ষ শক্তিশালী হলেও ঘাবড়ে যেতে রাজি নন ঋতুপর্ণারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে মাঠের লড়াইয়ের চ্যালেঞ্জটা বোঝেন ক্রীড়া প্রতিমন্ত্রীও।

তিনি মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।