ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেষ হতে চলছে কাবরেরার অধ্যায়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:০২ পিএম
হাভিয়ের কাবরেরা। ছবি : সংগৃহীত

অবশেষে ফুরিয়ে এল হাভিয়ের কাবরেরার সময়। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে এই স্প্যানিশ কোচের সঙ্গে আর চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আজ শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় দল কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে দীর্ঘ তিন বছরের ‘কাবরেরা অধ্যায়’ সমাপ্তির পথে।

জানা গেছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে। এরপর আর স্বয়ংক্রিয়ভাবে তার মেয়াদ বাড়ানো হবে না। পরিবর্তে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোচ নিয়োগের পথে হাঁটছে ফেডারেশন। 

বাফুফে শিগগিরই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ করবে। তবে বর্তমান কোচ হিসেবে কাবরেরার জন্য একটি সুযোগ রাখা হয়েছে; তিনিও চাইলে নতুন করে আবেদন করতে পারবেন এবং অন্যদের মতো সাক্ষাৎকার প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

২০২২ সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কাবরেরার ওপর কয়েক দফায় আস্থা রেখেছিল বাফুফে। তিন বছরে তিনবার তার মেয়াদ বাড়ানো হয়। তার অধীনে বাংলাদেশ দল মাঝেমধ্যে লড়াকু ফুটবল উপহার দিলেও বড় কোনো সাফল্য বা ট্রফি অধরাই থেকে গেছে। 

এদিকে, জাতীয় দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী ও শমিত শোমের মতো প্রবাসী ফুটবলাররা। বড় তারকাদের উপস্থিতিতে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। কিন্তু শক্তিশালী স্কোয়াড নিয়েও এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় বাংলাদেশ।