আসন্ন বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দলে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সেলেসাওদের সহকারী কোচ দাভিদে আনচেলত্তি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নেইমার বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে নিজের সেরা ফর্মে ফেরার চেষ্টা করছেন এবং চূড়ান্ত দল ঘোষণার আগে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সময় তার হাতে রয়েছে।
ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে নিজের বাবা কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব পালন করা দাভিদে বলেন, দল নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি পর্যাপ্ত সময় নিচ্ছেন।
তিনি আরও বলেন, নেইমার আমাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং দলে ফেরার সবটুকু সুযোগ তার আছে। ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে, তার আগে নিজের ফিটনেস ও ফর্মের শিখরে পৌঁছানোর জন্য সে হাতে সময় পাচ্ছে।
জানা যায়, ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করা নেইমার ২০২৩ সালের নভেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। গত বছর তাকে দলে ডাকা হলেও ইনজুরির কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করতে হয়েছিল।
বর্তমানে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে ব্রাজিলিয়ান লিগ ও সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ৬ ম্যাচে ৩টি গোল ও ৬টি অ্যাসিস্ট করে নিজের উপস্থিতির জানান দিয়েছেন তিনি। মূলত গত মৌসুমে তার অনবদ্য পারফরম্যান্সেই অবনমন এড়িয়েছিল সান্তোস।
সাক্ষাৎকারে নেইমারের পাশাপাশি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও কথা বলেন দাভিদে।
ভিনিসিয়ুসকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ভিনিসিয়ুস তার সহজাত প্রতিভার কারণেই আজ মহাতারকা। সে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার এবং তাকে সবসময় একটি বাড়তি চাপ বয়ে বেড়াতে হয়। কারণ সমর্থকরা প্রত্যাশা করে যে সে একাই ম্যাচের ভাগ্য বদলে দেবে।
দাভিদে আরও যোগ করেন, বর্তমান ফুটবল বিশ্বে ভিনিসিয়ুসের সমপর্যায়ের প্রত্যাশা কেবল কিলিয়ান এমবাপ্পের ওপরই করা হয়।
রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সে বিশ্বের সেরা হওয়া সত্ত্বেও তার আরও উন্নতি করার সুযোগ রয়েছে। আমরা মাদ্রিদে তার উন্নতির জায়গাগুলো নিয়ে কাজ করেছি এবং সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন