ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এল ক্লাসিকোর আগেই কি বার্সার হাতে শিরোপা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোয় লা লিগার শিরোপা লড়াই এখন বার্সেলোনার হাতের মুঠোয়। পয়েন্ট টেবিলের যা সমীকরণ, তাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে 'এল ক্লাসিকো' খেলতে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। 

এমনকি তেমনটি না হলেও, ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে রিয়ালকে হারিয়েই শিরোপা উৎসব করার সুবর্ণ সুযোগ থাকছে কাতালানদের সামনে।

লা লিগার বর্তমান সমীকরণ অনুযায়ী, বার্সেলোনা যদি তাদের পরবর্তী দুই ম্যাচে গেতাফে এবং ওসাসুনাকে পরাজিত করতে পারে, তবে তাদের নজর থাকবে রিয়াল মাদ্রিদ বনাম এস্পানিওল ম্যাচের দিকে। রিয়াল মাদ্রিদ যদি এস্পানিওলের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয়, তবে মাঠের লড়াই শুরুর আগেই বার্সেলোনা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

যদি রিয়াল ড্র করে, তবে বার্সার লিড দাঁড়াবে ১৩ পয়েন্টে। আর রিয়াল হেরে গেলে ব্যবধান হবে ১৪ পয়েন্টের। লিগের বাকি ম্যাচগুলো থেকে এই পয়েন্ট রিয়ালের পক্ষে রিকভার করা অসম্ভব। এমনটা ঘটলে ঐতিহ্য অনুযায়ী এল ক্লাসিকোর শুরুতে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা খেলোয়াড়দের 'গার্ড অফ অনার' দিতে হতে পারে।

যদি রিয়াল মাদ্রিদ তাদের সব ম্যাচ জিতেও নেয়, তবুও বার্সার সামনে সুযোগ থাকছে ঘরের মাঠে শিরোপা উদযাপনের। গেতাফেকে হারালে বার্সা ১১ পয়েন্টের বিশাল ব্যবধান নিয়ে এল ক্লাসিকোতে নামবে।

ওই ম্যাচের পর লিগে আর মাত্র ৯ পয়েন্ট বাকি থাকবে। ফলে এল ক্লাসিকোতে যেকোনো ব্যবধানে জয় কিংবা ড্র করলেই ৯ পয়েন্টের বেশি লিড বজায় থাকবে বার্সার। আর তাতেই ক্যাম্প ন্যু-তে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষেই ট্রফি হাতে নিতে পারবে বার্সেলোনা।