বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে সেলেসাওরা কখনোই নরওয়েকে হারাতে পারেনি। এরপরও নরওয়েকে আটকে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে ব্রাজিল। তবে নরওয়ের আর্লিং ব্রট হলান্ড নামে ‘দানবকে’ কি করে আটকাবে ব্রাজিল?
২০২০ সালে এক খেলোয়াড়কে পেতে যখন ৪০টি ক্লাব লড়াইয়ে নেমেছিল, তখনই সবাই বুঝে ফেলেছেন বিশ্ব ফুটবলে এসে গেছেন ভবিষ্যতের মহাতারকা। সেই খেলোয়াড় আর কেউ নন, আর্লিং ব্রট হলান্ড।
নরওয়েজীয় এই ‘গোল মেশিন’ সে সময় চাইলেই টাকার সাগরে ডুব দিতে পারতেন। কিন্তু নিজেকে আরও পরিণত করে তুলতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে। জার্মান ক্লাবটিতেও ম্যাচের প্রায় সমানুপাতিক (৮৯ ম্যাচে ৮৬ গোল) হারে গোল করেছেন। একাধিকবার চোট বাধা হয়ে না দাঁড়ালে নির্দিষ্ট এক ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরিটাও হয়তো পূরণ করে ফেলতেন। তবে যেটুকু করেছেন, সেটাই তাকে ডর্টমুন্ড থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল।
৬৯২ কোটি টাকায় হলান্ডকে গত বছর ডর্টমুন্ড থেকে নিয়ে আসে ম্যানচেস্টার সিটি। ক্লাব ক্যারিয়ারে এখনো ২০০ গোল হয়নি আর্লিং হলান্ডের। মূল দলে খেলার ৮ বছরে ২০৯ ম্যাচে গোল ১৬৬টি। যেভাবে খেলে চলেছেন, তাতে সিটি স্ট্রাইকার কোথায় গিয়ে থামবেন? তা হয়তো কেউ কল্পনাই করেননি। তবে এখন পর্যন্ত তিনি যা করে চলেছেন তাতে প্রায় প্রত্যেকটি দলের ত্রাহি ত্রাহি অবস্থা।
আগামী রোববার (৫ জুলাই) ফুটবল বিশ্বকাপে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। খেলা হবে বাংলাদেশ সময় রাত ২টায়। তবে তার আগে হলান্ডকে আটকানো নিয়ে বিভিন্ন প্রশ্নের সামনে ব্রাজিল। ফুটবল বিশ্লেষকরা বলছেন, হলান্ডকে আটকাতে হলে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
হলান্ডকে কেন ভয় পাচ্ছে ব্রাজিল?
শারীরিক শক্তি ও গতি : হলান্ডের অবিশ্বাস্য গতি এবং বক্সে বল দখলের ক্ষিপ্রতা যেকোনো ডিফেন্ডারের জন্য দুঃস্বপ্ন।
গোল করার ক্ষমতা : তিনি যেকোনো মুহূর্তেই ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
তবে কি ব্রাজিলের সুযোগ নেই?
ব্রাজিল দলের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়
শক্তিশালী রক্ষণভাগ : ব্রাজিলের বর্তমান স্কোয়াডে অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছেন, যারা হাই-প্রোফাইল ম্যাচগুলোতে ট্যাকটিক্যালি খুব ভালো পারফর্ম করেন।
হলান্ডের নিজের ভয় : আর্লিং হলান্ড নিজেই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্রাজিলকে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে আখ্যা দিয়েছেন এবং তাদের বিপক্ষে ম্যাচটি যে খুব কঠিন হবে, তা স্বীকার করেছেন।
দুর্দান্ত ফর্ম : রক্ষণ ও আক্রমণ—সব মিলিয়ে ব্রাজিল দল বেশ ছন্দে আছে।
কীভাবে রুখতে হবে?
হলান্ডকে নিষ্ক্রিয় রাখতে হলে ব্রাজিলের ডিফেন্সকে বল সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করতে হবে এবং তাকে বক্সের ভেতরে একদম একা ফেলে রাখতে হবে।

