শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক কোচ রামকৃষ্ণন শ্রীধর। তিনি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।
শ্রীধর ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত ভারতের পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএসিসিআইয়ের লেভেল ৩ সার্টিফায়েড কোচ। গত বছরের মে মাসে তিনি কলম্বোয় শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় দলগুলোর জন্য ১০ দিনের ফিল্ডিং প্রোগ্রামও পরিচালনা করেছিলেন।
নিয়োগের পর শ্রীধর বলেন, শ্রীলঙ্কার খেলোয়াড়রা সবসময় প্রতিভাবান, সহনশীল এবং দলগত মনোভাব দেখিয়ে এসেছে। আমার কাজ কোনো সিস্টেম চাপিয়ে দেওয়া নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে খেলোয়াড়দের অ্যাথলেটিসিজম, সচেতনতা এবং মাঠে গর্ববোধ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে পারে।
তিনি আরও যোগ করেন, শ্রীলঙ্কার প্রথাগত শক্তি—দ্রুত হাতে কাজ করা, তীক্ষ্ণ রিফ্লেক্স এবং সাহসী মনোভাব—এগুলো আরও উন্নত করা সম্ভব বাস্তবমুখী, খেলার অনুরূপ প্রশিক্ষণ পরিবেশ তৈরি করে।
শ্রীধরের এই নিয়োগ শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক কোচিং পরিবর্তনের অংশ। গত অক্টোবর মাসে ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন জুলিয়ান উড এবং স্পিন বোলিং কোচ হিসেবে রেনে ফের্ডিনান্ড। সম্প্রতি এশিয়া কাপ এবং পাকিস্তান সফরে দলের দুর্বল ফিল্ডিং অন্যতম সমালোচনার বিষয় ছিল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীধর পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগে দলের সঙ্গে কাজ করবেন এবং তার এই দায়িত্ব ইতিমধ্যেই কার্যকর হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন