আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রচার ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন চমক। ব্রাজিলের দর্শকরা এবার ইউটিউবের মাধ্যমে টুর্নামেন্টের সব ম্যাচ বিনামূল্যে এবং উচ্চ রেজুলেশনে উপভোগ করতে পারবেন।
ব্রাজিলের ডিজিটাল সম্প্রচার প্ল্যাটফর্ম কেজটিভি (CazéTV) বিশ্বকাপের ১০৪টি ম্যাচ সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিয়েছে। তবে এই সুবিধা কেবল ব্রাজিলের দর্শকদের জন্য সীমিত থাকবে। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা কেজটিভির ইউটিউব বা টুইচ চ্যানেলে প্রবেশ করতে পারলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ ব্রাজিলের বাইরে থেকে সম্প্রচারগুলো জিও-ব্লকের আওতায় থাকবে।
জানা গেছে, কেজটিভির সহযোগী প্রতিষ্ঠান লাইভমোড (LiveMode) শুধুমাত্র ব্রাজিল অঞ্চলের জন্য বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব অর্জন করেছে। ফলে অন্যান্য দেশের দর্শকদের নিজ নিজ দেশের অনুমোদিত সম্প্রচার মাধ্যমের ওপর নির্ভর করতে হবে।
ভারতে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, জি নেটওয়ার্ক সম্প্রচারস্বত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। সে ক্ষেত্রে তাদের স্পোর্টস চ্যানেল এবং জিফাইভ (ZEE5) প্ল্যাটফর্মে ম্যাচগুলো সম্প্রচারিত হতে পারে।
এদিকে এই ডিজিটাল সম্প্রচার উদ্যোগে নতুন করে আলোচনায় এসেছে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সম্প্রতি তিনি ব্রাজিলভিত্তিক স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোডে বিনিয়োগ করেছেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটি কেজটিভির সঙ্গে অংশীদারত্বে যুক্ত হয়ে বিশ্বকাপ সম্প্রচার পরিকল্পনাকে আরও বিস্তৃত করেছে।
সব মিলিয়ে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ তৈরি হলেও, আপাতত সেই সুবিধা শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্যই উন্মুক্ত থাকছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন