ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লবি ক্রীড়ামন্ত্রী হলে বিসিবির সভাপতি হবেন আশরাফুল হক!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০১:০৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলে এখন পরিবর্তনের আভাস। বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে সৃষ্ট তীব্র অস্থিরতা এবং বিতর্কিত নির্বাচনের জেরে বোর্ড বিলুপ্তির জোর গুঞ্জন ক্রিকেটপাড়ায়। 

তবে এসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন এক সমীকরণের সামনে দাঁড়িয়ে বিসিবি! বিশ্বস্ত সূত্র বলছে, আলী আসগর লবি যদি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে বসেন, তবে বিসিবির অভিভাবক হিসেবে ফিরছেন একসময়ের তুখোড় সংগঠক সৈয়দ আশরাফুল হক।

একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, লবি মন্ত্রিত্ব পেলে বিসিবি পুনর্গঠনের চাবিকাঠি থাকবে সৈয়দ আশরাফুল হকের হাতে।

২০২৫ সালের অক্টোবরের নির্বাচন নিয়ে বিসিবিতে অসন্তোষের শুরু। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের নেপথ্য কারসাজিতে বোর্ড সদস্যদের বসানো নিয়ে উঠেছিল প্রশ্ন। 

বিশেষ সূত্রে জানা যায়, আসিফ মাহমুদের পছন্দের লোক দিয়ে সাজানো এই কমিটি আদালতের রায়ে বা সরকারি হস্তক্ষেপে যেকোনো সময় বিলুপ্ত হতে পারে। আর সেখানেই নতুন ত্রাতা হিসেবে সামনে আসছেন সৈয়দ আশরাফুল হক।

জানা যায়, শুধু সাবেক ক্রিকেটার হিসেবে নয়, ক্রিকেট প্রশাসনে তার অভিজ্ঞতা প্রশ্নাতীত। ১৯৮১-৮২ মৌসুমে আজাদ বয়েজের হয়ে ২১৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা ছিল বাংলাদেশের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি।

এ ছাড়া বিসিবির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাথে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে এসিসি প্রতিষ্ঠার দিন থেকেই যুগ্ম সম্পাদক হিসেবে যাত্রা শুরু করে, ধাপে ধাপে প্রশাসনিক কর্মকর্তা, সচিব এবং সর্বশেষ টানা সাড়ে ১২ বছর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

২০১৫ সালে এসিসির পুনর্গঠনের পর থেকে তিনি ক্রিকেটের প্রশাসনিক কার্যক্রম থেকে দূরে ছিলেন।