ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এশিয়া কাপে স্বর্ণপদক জিতলেন বিজিবির রাকিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৩৯ এএম
ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৃতি আরচারী ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করেছেন। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ–১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে তিনি এ সাফল্য অর্জন করেন। 

গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে যায় এবং ২১ মার্চ রাজধানী ব্যাংককে প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন আরচার অংশ নেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২–২২৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতে। এ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিজিবির এই কৃতি আরচারী।

নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে (১১ বিজিবি) কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে।

বিজিবির এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।