ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন সম্ভব : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৩:০১ পিএম
ছবি : সংগৃহীত

খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের সেমিনারের প্রতিপাদ্য ছিল‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’।

আজকের এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবা নিয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার বিশেষ করে রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সরকার অতি দ্রুত ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে, যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।

এই স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন এবং বিভিন্ন জটিল রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবেন।

ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে এবং একে পেশা হিসেবে স্বীকৃতি দিতে সরকার ইতোমধ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় এনেছে। শিগগিরই আরও ৫০০ জন খেলোয়াড়কে এই ভাতার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, আগামী ৩০ এপ্রিল ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। চতুর্থ শ্রেণি থেকে আটটি ইভেন্টে খেলাধুলাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করে শ্রেণিকক্ষে বাধ্যতামূলক করার কার্যক্রম চলমান রয়েছে।

পরিশেষে, প্রতিমন্ত্রী জাতীয় হার্ট ফাউন্ডেশনকে বিভাগীয় পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।