ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:১৯ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে বায়ুমানের সূচক এখনো ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ১৭২, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এর আগে গত শুক্রবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ৩২৯ এবং বৃহস্পতিবার ছিল ৩৩১। সে হিসাবে গত দুদিনের তুলনায় দূষণের মাত্রা কমেছে। তবে শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টির অভাবে রাজধানীতে দূষণের প্রভাব এখনো বেশ বেশি রয়েছে।

এদিকে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ২২৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা (স্কোর ১৮৫)। চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮০), পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু (স্কোর ১৭৬)। এরপর ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।

এ ছাড়া সপ্তম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (স্কোর ১৬৯), অষ্টম অবস্থানে চীনের উহান (স্কোর ১৬৬), নবম অবস্থানে সেনেগালের ডাকার (স্কোর ১৬৬) এবং দশম অবস্থানে ইরাকের বাগদাদ (স্কোর ১৫৭) রয়েছে।

বায়ুমানের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।