ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকার বাতাস আজ ‌‌‘অস্বাস্থ্যকর’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৯:৪০ এএম
ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকায়ও দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে প্রকাশিত তথ্যে দেখা গেছে, নগরীর বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৪৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই মানকে সংবেদনশীল ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

তালিকায় শীর্ষে রয়েছে চিয়াং মাই, যার বায়ুমান স্কোর ২০৯। দ্বিতীয় স্থানে হ্যানয় (১৭২), তৃতীয় স্থানে রিয়াদ (১৫৪) এবং পঞ্চম স্থানে জাকার্তা (১৪৩) রয়েছে।

একিউআই বা বায়ুমান সূচক অনুযায়ী, ০-৫০ স্কোরকে ভালো, ৫১-১০০ মাঝারি এবং ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১-২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে কম বের হওয়াই নিরাপদ। পাশাপাশি সাধারণ মানুষকেও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।