ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের সবচেয়ে প্রভাবশালী অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদ। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার প্রতিনিধি দলকেও আহ্বান জানানো হয়েছে।
এদিকে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসা হয়।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেস। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির জেরে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযান এবং মহাসচিবের আশঙ্কা, এ অভিযানের জেরে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে।’
নিরপেক্ষভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি বিচার-বিবেচনা করলে বলতে হয়, এ অভিযানের মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের অভাব মহাসচিবকে উদ্বিগ্ন করে তুলেছে। তিনি সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছেন।
সেই সঙ্গে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন মেনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে এই সংকট সমাধান করতে সবাইকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।
পৃথক এক বার্তায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অঙ্গ সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ভলকার তুর্ক বলেছেন, ‘ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যেকোনো পদক্ষেপের দিকনির্দেশনা এটিই দেবে।’
শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমানবাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে নিয়ে আসা হয়েছে। সেখানে ফেডারেল হেফাজতে রাখা হবে তাদের।

