ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসিসিপির ক্লে কাউন্টিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে  বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে তার বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এনবিসি নিউজের সহযোগী সংস্থা ডব্লিউটিভিএ জানায়, তিনটি ভিন্ন স্থানে গুলির ঘটনায় এসব মৃত্যু হয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সন্দেহভাজন এখন হেফাজতে রয়েছে এবং ‘আর আমাদের সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই’।

তার পোস্টে নিহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, তবে ডব্লিউটিভিএ জানায়, ছয়জন নিহত হয়েছে।

ফেসবুকে স্কট লেখেন, ‘আমি অনুরোধ করছি, আমাদের ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য প্রার্থনায় তাদের স্মরণ রাখুন।’

মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার।