ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানে শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৪২ পিএম
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর ২টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এবং স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে যে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফার্স প্রদেশের মোহর শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূগর্ভের স্বল্প গভীরতায় এই কম্পন সৃষ্টি হওয়ায় বিস্তীর্ণ এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ভূমিকম্পের ফলে মোহর এবং এর আশপাশের গ্রামগুলোতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসে। 

ভূমিকম্পটি এমন একটি এলাকায় হয়েছে, যেখানে পাহাড়ি ঢাল এবং পুরোনো স্থাপত্যের আধিক্য রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি বেশ কয়েকটি বড় টেকটোনিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প হয়ে থাকে।