ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্কুলে বন্দুক হামলা: হামলাকারীর পরিচয় জানাল পুলিশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:১০ পিএম
ছবি : সংগৃহীত

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি প্রত্যন্ত শহর টাম্বলার রিজে স্কুলে বন্দুক হামলায় আততায়ীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আততায়ীর মা ও সৎ ভাইও রয়েছেন। 

এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। কানাডার ইতিহাসে অন্যতম ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর পুরো দেশ শোকস্তব্ধ।

বুধবার ১১ ফেব্রুয়ারি কানাডা পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৮ বছর বয়সী এক তরুণী, যার নাম জেসি ভ্যান রুটসেলার। সে তার সাবেক স্কুলে এই হামলা চালিয়েছিল। প্রাথমিক খবরে নিহতের সংখ্যা ১০ বলা হলেও পুলিশ পরে তা সংশোধন করে ৯ জন বলে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, হামলাকারী জেসি তার নিজ বাড়িতে প্রথমে তার মা (৩৯) এবং ১১ বছর বয়সী সৎ ভাইকে হত্যা করে। এরপর সে তার সাবেক স্কুলে গিয়ে হামলা চালায়। সেখানে সে এক নারী শিক্ষক (৩৯), তিন ছাত্রী (১২) এবং দুই ছাত্রকে (১২ ও ১৩ বছর বয়সী) গুলি করে হত্যা করে। স্কুলের হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জেসি আত্মহত্যা করে।

ব্রিটিশ কলাম্বিয়ার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ডেপুটি কমিশনার ডোয়াইন ম্যাকডোনাল্ড জানিয়েছেন, হামলাকারী জেসি মানসিকভাবে অসুস্থ ছিল এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে গত কয়েক বছরে পুলিশ বহুবার তাদের বাড়িতে গিয়েছিল। 

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, জেসির কাছে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল না, তার লাইসেন্সটি ২০২৪ সালে শেষ হয়ে গিয়েছিল। এর আগে পুলিশ তার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র জব্দ করলেও আইনি আপিলের মাধ্যমে তা ফেরত নেওয়া হয়েছিল।