ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হিজবুল্লাহর রকেটের জবাবে লেবাননে ইসরাইলের পাল্টা হামলা শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৮:১৪ এএম
ছবি: সংগৃহীত

লেবানন থেকে ইসরাইলের ভূখণ্ডে একটি প্রজেক্টাইল নিক্ষেপের পর দেশটির বিভিন্ন স্থানে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী।

সোমবার (২ মার্চ) ভোরে এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল খোলা জায়গায় পড়ে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।

হামলার সময় উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ড্রোন সতর্কতা সাইরেন বেজে ওঠে। আইডিএফ অভিযোগ করে, হিজবুল্লাহ ইরানি সরকারের পক্ষে কাজ করছে এবং ইসরাইল রাষ্ট্র ও তার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনী আরও জানায়, হিজবুল্লাহর হামলার জবাবে আইডিএফ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং গোষ্ঠীটিকে ইসরাইলের নিরাপত্তা ও উত্তরাঞ্চলের বেসামরিক জনগণের জন্য হুমকি তৈরি করতে দেবে না।

এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবানন ও তার জনগণকে রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবেই তারা এ হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি আগ্রাসন অব্যাহত রাখা এবং তাদের নেতা ও যুবকদের হত্যার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। উপযুক্ত সময় ও স্থানে সে জবাব দেওয়া হবে।

হিজবুল্লাহর দাবি, গত ১৫ মাস ধরে ইসরাইল যে আগ্রাসন চালিয়ে আসছে, তা চ্যালেঞ্জবিহীন থাকতে পারে না। এ হামলা সেই আগ্রাসন বন্ধ করা এবং লেবাননের অধিকৃত ভূখণ্ড থেকে ইসরাইলকে পিছু হটতে বাধ্য করার একটি সতর্কবার্তা।