ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় অবস্থিত একটি তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েল সরকার। মধ্যপ্রাচ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন এক বিবৃতিতে জানান, হামলার ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও দ্রুত তা পুনরুদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ গ্রিডে যে ক্ষতি হয়েছে, তা স্থানীয় এবং উল্লেখযোগ্য নয়।
তিনি আরও দাবি করেন, হাইফাসহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এর আগে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ইরান এবার ইসরায়েলের হাইফা তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, দেশটির জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে তারা জিরো রেস্ট্রেইন্ট নীতি অনুসরণ করবে।


