মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।
বুধবার (১৫ এপ্রিল) গুয়ানাকাস্টে প্রদেশের তামারিন্দো এলাকায় এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বিষয়টি নিশ্চিত করেছে।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পর্যটন শহর তামারিন্দো থেকে প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।
জানা যায়, উৎপত্তিস্থল সমুদ্রের কাছাকাছি হওয়ায় এবং গভীরতা কম হওয়া সত্ত্বেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, কোস্টারিকা ভৌগোলিকভাবে অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। এখানে নিয়মিতভাবে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়ে থাকে।


