ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

যুদ্ধ বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন চুক্তি সই

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৯:০৩ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তিতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।

রোববার (১৪ জুন) রাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি জানানো হয়েছে।

চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’

ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’

পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে যখন তার দেশ শান্তিচুক্তির দ্বারপ্রান্তে, তখন এই ধরনের হামলা ‘নেতানিয়াহুর বিচার-বিবেচনাহীন’ কাজ।

এর আগে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করেন ইরানের আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণের ‘ইচ্ছা ও সক্ষমতা’ রাখে না।

সূত্র: আল জাজিরা