ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ জুন) বিএসএফ সূত্রের তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ ইন্ডিয়া।
নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। উত্তর প্রদেশের কান্নৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
বিএসএফের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে প্রবল ঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের মধ্যে সীমান্তের একটি স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছিলেন তিনি। মিঠিপুর সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনের কাছে খোলা স্থানে অবস্থান করে নজরদারির দায়িত্ব পালন করছিলেন।
এ সময় আকস্মিক বজ্রপাত তার ওপর আঘাত হানে। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকাতেও বজ্রপাতের পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গঙ্গা নদী পারাপারের সময় নৌকায় থাকা অবস্থায় তারা বজ্রাঘাতে প্রাণ হারান। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন