ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে গাজায় বিশ্বকাপ প্রদর্শনীর আয়োজক নিহত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৩:২০ এএম
ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা ও মিশর বিশ্বকাপ ম্যাচের কয়েক ঘণ্টা আগে গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় মিশরীয় রিলিফ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি নিহত হয়েছেন।

বেসামরিক একটি গাড়িকে লক্ষ্য করে চালানো এ হামলায় ১০ বছর বয়সী হামজা আল-দেরি, তার আট বছর বয়সী ভাই ফারি আল-দেরি এবং ৩৩ বছর বয়সী গাড়িচালক আহমেদ দাগমুশও নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও আরাবি পোস্ট। সূত্র: নোভারামিডিয়া। 

আল-ওয়াহিদি গাজার মিশরীয় রিলিফ কমিটির জনসংযোগ পরিচালক ছিলেন। গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি কমিটি বিশ্বকাপ চলাকালে মিশরের ম্যাচগুলো বড় পর্দায় জনসাধারণের জন্য প্রদর্শনের আয়োজন করছিল। হামলার কয়েক ঘণ্টা পরই মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

হামলার সময় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে মিশরের প্রধান কোচ হোসাম হাসানের বক্তব্যের পর প্রতিশোধমূলকভাবে আল-ওয়াহিদিকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে। তবে এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর জয়টি ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করেন হোসাম হাসান। সংবাদ সম্মেলনে তিনি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে বলেন, ‘পৃথিবীর যেই হোক-আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান-যদি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করেন, তাহলে তিনি তার মানবতার একটি অংশ হারিয়েছেন।’

বিভিন্ন প্রতিবেদনের তথ্যমতে, গাজায় চলমান যুদ্ধে নিহতের সংখ্যা ৭৩ হাজারের বেশি। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, নিহতদের মধ্যে ৫৬৭ জন ফুটবলারও রয়েছেন।