চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানিয়েছে, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ ভিসা আবেদনকারীদের চিকিৎসা-সংক্রান্ত তথ্য, সম্ভাব্য ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাওয়া-আসাসহ পুরো সফরের খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করবেন, যাতে নিশ্চিত হওয়া যায় আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।
চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্র (রেফারেল বা মেডিকেল রিপোর্ট) জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, সেটিও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্রও দাখিল করতে হবে। ওই সম্মতিপত্রে চিকিৎসার সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিস্তারিত উল্লেখ থাকতে হবে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াত ব্যয় এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন থাকা-খাওয়াসহ অন্যান্য প্রয়োজনীয় খরচ বহনের পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও জমা দিতে হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন