ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুনরায় উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচিত হলেন কিম জং উন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১২:২৪ পিএম
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পুনরায় দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে।

দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) ওয়ার্কার্স পার্টির সম্মেলনের চতুর্থ দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত এ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। 

২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে এবং সব রাষ্ট্রীয় বিষয়ে কিম জং উনের ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। ওই সময় কিম জং উনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হয়।

চলতি বছর ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে কিম দলের গত পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেছেন এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করেছেন।

উদ্বোধনী অধিবেশনে কিম বলেন, ‘আমাদের নিজস্ব ধাঁচে সমাজতান্ত্রিক লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে গত পাঁচটি বছর ছিল গর্বের সময়।’ তবে তিনি স্বীকার করেছেন, এ ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংকটের মতো বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে ছিল।

কংগ্রেসের আগে কিম একটি অনুষ্ঠানে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন কয়েক ডজন রকেট লঞ্চার উন্মোচন করেন। এগুলোকে তিনি ‘দারুণ’ ও ‘আকর্ষণীয়’ বলে উল্লেখ করেন।