নেপালে জেন জি বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়ন চালানোয় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের একদিন পর সাবেক জ্বালানিমন্ত্রী দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় দীপক খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নেপালের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরোর মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠ বলেন, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এই তদন্তের তত্ত্বাবধান করবে।
দেশটির নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে লেখেন, আন্দোলনের সময় খাড়কার বাসভবন থেকে উদ্ধার করা অর্থের তদন্তের প্রেক্ষিতে তাকে আজ আটক করা হয়েছে।
গত বছরের ৭ ও ৮ সেপ্টেম্বরের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিরুদ্ধে ওই আন্দোলন শুরু হয়েছিল। পরে তা দুর্নীতি আর আর্থিক অনটনের বিরুদ্ধে বড় আন্দোলনে রূপ নেয়। আন্দোলনে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বিক্ষোভে ৭৬ জন নিহত হন। আন্দোলনকারীরা সংসদ ভবন ও সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেন এবং শেষ পর্যন্ত ওলি সরকারের পতন ঘটান।
অভ্যুত্থানের পর নেপালে চলতি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নিরঙ্কুশ বিজয় লাভ করে। দলটির নেতা, র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহ শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর একদিন পরে শনিবারেই সাবেক প্রধানমন্ত্রী ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লেখককে গ্রেপ্তার করা হয়।


