ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ, সীমান্তবর্তী প্রদেশে কারফিউ জারি থাইল্যান্ডের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৪৪ পিএম
যুদ্ধে বাস্তুচ্যুত কম্বোডিয়ান । ছবি- সংগৃহীত

কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে তীব্র সংঘর্ষ শুরুর পর নিজেদের সীমান্তবর্তী ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। প্রদেশটির মোট পাঁচটি অঞ্চলে কারফিউ জারি করেছে। এটি কম্বোডিয়ার কোহ কোং প্রদেশের পাশে অবস্থিত। তবে কারফিউর আওতায় পর্যটন দ্বীপ কোহ চাং এবং কোহ কোদ থাকবে না। এর আগে দেশটির সেনাবাহিনী পূর্বাঞ্চলের সাকেও প্রদেশে কারফিউ জারি করেছিল। যা এখনো বহাল আছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, তাদের মিনচে প্রদেশের দুটি গ্রামে গোলাবর্ষণ ও একটি গ্রামে বোমা হামলা চালিয়েছে থাই সেনাবাহিনী। মন্ত্রণালয় বলেছে, সকাল ১০টার ঠিক আগে থাই সেনারা প্রে চান গ্রামে গোলাবর্ষণ করে। এরপর পার্শ্ববর্তী থমার সেন গ্রামে গোলাবর্ষণ করে। প্রে চানে দুপুরের আগ পর্যন্ত গোলাবর্ষণ চলেছে। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তারা বোয়েং ত্রাকুয়ান গ্রামে গোলাবর্ষণ করে।

এছাড়া ও’বেই কোহান অঞ্চলে থাই বিমানবাহিনী এফ-১৬ উড়িয়েছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

দুই দেশের মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ঔপনেবিশ আমলে ভাগ করা এ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে তারা।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন থাইল্যান্ড-কম্বোডিয়া ফের যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। তার এ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরুতেই সীমান্তে সংঘর্ষ শুরু হয়। যা রোববার দুপুর পর্যন্ত চলেছে। এর আগে রাতের হামলা ব্যাপারে থাইল্যান্ড বলেছিল ‘নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে’ এ হামলা হয়েছে।

নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। যারমধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন বলে জানা যায়।