ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক উত্তেজনার জেরে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্পেন।
বুধবার (১১ মার্চ) দেশটির সরকারি স্টেট গেজেটে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলের তেল আবিবে অবস্থিত স্পেনীয় দূতাবাস আপাতত একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স–এর নেতৃত্বে পরিচালিত হবে বলে জানিয়েছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগে যাকে ‘পরামর্শের জন্য’ অনির্দিষ্টকালের জন্য মাদ্রিদে ফিরিয়ে নেওয়া হয়েছিল, সেই রাষ্ট্রদূতকেই এবার স্থায়ীভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সাম্প্রতিক হামলার অন্যতম কড়া সমালোচক হিসেবে পরিচিত। এই প্রেক্ষাপটেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে।
গতকাল মঙ্গলবার ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার বিরোধিতা করার পর দুই দেশের সম্পর্কের অচলাবস্থা আরও গভীর হয়। এরপরই স্পেন ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করে।
এর আগে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে স্পেন এমন সিদ্ধান্ত নেয় যে, ইসরায়েলের বন্দর বা আকাশসীমা ব্যবহার করে অস্ত্র বহনকারী বিমান ও জাহাজ চলাচল নিষিদ্ধ করা হবে। এই পদক্ষেপের বিরোধিতা করে গত সেপ্টেম্বরে স্পেনের রাষ্ট্রদূতকে তলব করেছিল ইসরায়েল। সে সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'র স্পেনের পদক্ষেপকে ‘ইহুদি-বিরোধী’ বলে মন্তব্য করেন।

