ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটার তালিকায় এক বাবার শত শত ‘সন্তান’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ধরা পড়েছে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর তথ্য, যা প্রশাসনিক ত্রুটির ইঙ্গিত দিচ্ছে। এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে অবিশ্বাস্য ৩৮৯ জন ভোটারকে। নির্বাচন কমিশনের ভাষায়, বাস্তবে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি সম্ভব নয়।

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় এই গরমিল ধরা পড়ে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক ভোটারের সঙ্গে শত শত ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে।

  • শুধু বীরভূম নয়, রাজ্যের অন্য জেলায়ও একই ধরনের অসঙ্গতি মিলেছে। উদাহরণস্বরূপ:
  • হাওড়ার সাঁকরাইলে এক ব্যক্তিকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ জন ভোটারের ক্ষেত্রে।
  • মুর্শিদাবাদে সংখ্যাটি ১৯৯।
  • দার্জিলিঙে ১৫২,
  • জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০,
  • আসানসোলে ১৭০ ভোটার একই ব্যক্তিকে নিজের অভিভাবক হিসেবে দেখিয়েছে।

নির্বাচন কমিশনের মতে, এই সব তথ্য ভোটার তালিকায় বড় ধরনের তথ্যগত ও যৌক্তিক ত্রুটির ইঙ্গিত দেয়। এজন্য ছয় জন বা তার বেশি সন্তানের সঙ্গে যুক্ত ভোটারদের নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে।

এ বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি সুপ্রিম কোর্টে মামলা হয়ে চলছে। আগামী বুধবার মামলার শুনানি হওয়ার কথা। কমিশনের হলফনামার পর ভোটার তালিকার স্বচ্ছতা ও সঠিকতার বিষয়ে নতুনভাবে প্রশ্ন উঠেছে।