ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফোনে ‘ব্লক’ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার তরুণী

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৯ পিএম
রোশনি সূর্যবংশী (২২) ও নিহত কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। ছবি : সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ তথা মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেয়াই প্রধান কারণ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত যুবকের নাম কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন।

পুলিশ জানায়, ছয় মাস আগে ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশী (২২) নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই-তিন দিন ধরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ তৈরি হয়। 

অভিযোগ অনুযায়ী, কমতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ওই তরুণী ক্ষুব্ধ হয় এবং কমতা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহে রোশনি একটি ছুরি নিয়ে তার বাড়িতে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘরের ভেতরের হৈচৈ শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি জানান, অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং তাকে তার ফোন দিতে বলেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং তাৎক্ষণিকভাবে যুবক মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই তরুণী দাবি করেন, তিনি ভয় দেখানোর জন্যই ছুরি নিয়ে গিয়েছিলেন। 

তবে পুলিশ তার উদ্দেশ্য, তাদের সম্পর্কের ধরন এবং হত্যাকাণ্ডের আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর ধারাবাহিকতা ও প্রেক্ষাপট খতিয়ে দেখছে।