ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ শ্রমিক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বহু শ্রমিক আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার থাংস্কু এলাকায় এই বিস্ফোরণের ঘটেনা ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও প্রশাসন। 

রাজ্য পুলিশের ডিজি আই নোংরাং জানিয়েছেন, কয়লাখনিটি বেআইনি ভাবে চলছিল বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের ফলে খনির মুখে ধসে পড়ে এবং সেখান থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।

ডিজি বলেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের সময় খনির ভিতর কত জন শ্রমিক ছিলেন, তা এখনও জানা যায়নি। খনিতে উদ্ধার কাজ চলছে।’ 

উল্লেখ্য, পরিবেশগত ক্ষতি ও শ্রমিকদের নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে ২০১৪ সালে মেঘালয়ে ‘র‌্যাট-হোল’ কয়লা খননসহ অবৈজ্ঞানিক খনন পদ্ধতির ওপর নিষেধাজ্ঞা জারি করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। একই সঙ্গে এসব পদ্ধতিতে উত্তোলিত কয়লার অবৈধ পরিবহনও নিষিদ্ধ করা হয়।

র‌্যাট-হোল খনন পদ্ধতিতে সাধারণত তিন থেকে চার ফুট উঁচু সরু সুড়ঙ্গ খুঁড়ে শ্রমিকদের ভেতরে ঢুকিয়ে কয়লা তোলা হয়। এই অনুভূমিক সুড়ঙ্গগুলো এতটাই সরু যে একবারে একজন মানুষই প্রবেশ করতে পারেন।

পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্টও এই নিষেধাজ্ঞা বহাল রাখে এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বৈজ্ঞানিক ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে খননের অনুমতি দেয়।