দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের এই সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং ইসরায়েলের পার্লামেন্ট কনেসেট-এ ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দুই দেশের সম্পর্ক এখন এক অসাধারণ জোটে রূপ নিয়েছে। সফর চলাকালে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
গত বছর ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচর ভারত সফরের সময় দুই দেশ বাণিজ্য সম্প্রসারণে একটি বিনিয়োগ চুক্তি সই করে। সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। পারস্পরিক বিনিয়োগের পরিমাণ আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার।
মোদির এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৭৫৬ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) লোদ শহরের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রধানমন্ত্রী মোদিকে বহনকারী বিমান অবতরণ করে।
সাংবাদিকদের সুরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে নিহত ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর মধ্যে দুই-তৃতীয়াংশের মৃত্যুর জন্য ইসরায়েল দায়ী।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ড্রোন হামলায় নিহত ৩৯ জন সাংবাদিকের মধ্যে ২৮ জন গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত হন। সাংবাদিকদের লক্ষ্য করে হামলার ৪৭টি ঘটনার ক্ষেত্রে স্বচ্ছ তদন্তের অভাব এবং দায়মুক্তির সংস্কৃতি পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গাজায় সহিংসতা ও প্রাণহানি অব্যাহত থাকলেও, এই প্রেক্ষাপটে ভারত-ইসরায়েল কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বার্তা নিয়ে মোদির তেল আবিব সফর আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন