ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরান-আমেরিকা যুদ্ধে মরতে পারে ২৩ হাজার ভারতীয় নাবিক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত

আমেরিকা–ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ তৈরি হয়েছে। এমন অবস্থায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভারতীয় নাবিকরা। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে প্রায় ২৩ হাজার ভারতীয় নাগরিক পশ্চিম এশিয়ার যুদ্ধকবলিত সমুদ্র অঞ্চলে আটকে রয়েছেন। তাদের জীবন বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত সরকারের তথ্য অনুযায়ী, ইরান–আমেরিকা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৯টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যেগুলোতে ভারতীয় নাবিকরা ছিলেন। এ কারণে মধ্যপ্রাচ্যের সমুদ্রে থাকা ভারতীয় নাবিকদের চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (৫ মার্চ) ‘সোনাগল নামিবি’ নামের একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। জাহাজটি বাহামাসের পতাকাবাহী ছিল এবং এতে ভারতীয় নাবিকরা কর্মরত ছিলেন।

সূত্র জানায়, জাহাজটি ইরাকের খোর আল-জুবায়ের বন্দরের কাছে নোঙর করা ছিল।

এখন পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, জাহাজটির কোনো বড় ক্ষতি হয়নি এবং কোনো নাবিকের মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে নাবিকদের মধ্যে আতঙ্ক কমছে না।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর বর্তমানে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। এই সব এলাকায় বর্তমানে ভারতের ৩৬টি জাহাজ অবস্থান করছে।

মৃত্যু হলে ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোনো নাবিক যদি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রাণ হারান, তাহলে তার পরিবারকে সরকারের পক্ষ থেকে ৪৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক আটকে থাকায় এই আশঙ্কা আরও বাড়ছে।