ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাম জোটকে হারিয়ে কেরালায় বড় জয়ের ইঙ্গিত কংগ্রেসের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

কেরালা বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট ৫৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, বাম জোট এলডিএফ এগিয়ে আছে ২৯টি আসনে।

তামিলনাড়ুতেও চলছে ভোট গণনা। ২৩৪টি আসনের মধ্যে বিজয়ী দল এগিয়ে রয়েছে ১০৪টিতে। বিরোধী এআইএডিএমকে এগিয়ে ৬৯টি আসনে এবং ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে আছে ৪০টি আসনে।

পুদুচেরিতে এনআরসি ৮টি এবং স্বতন্ত্র প্রার্থীরা (আইএনডি) ৩টি আসনে এগিয়ে রয়েছে।

আসামে বিজেপি এগিয়ে আছে ৭৮টি আসনে, আর কংগ্রেস (আইএনসি) এগিয়ে রয়েছে ২৪টি আসনে।

এরই মধ্যে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আগেই রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। এবার সেই ধারাবাহিকতায় কেরালাতেও বামদের ক্ষমতা ছাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রায় এক দশক পর রাজ্যটিতে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ।

কেরালা বিধানসভার মোট আসন সংখ্যা ১৪০। সর্বশেষ প্রাপ্ত তথ্যে ইউডিএফ এগিয়ে রয়েছে ১০১টি আসনে। অন্যদিকে এলডিএফ এগিয়ে মাত্র ৩৭টিতে এবং বিজেপি এগিয়ে রয়েছে ২টি আসনে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল চূড়ান্ত হলে জাতীয় রাজনীতিতে বাম দলগুলোর অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কেরালার অন্যতম আলোচিত ইস্যু ছিল সবরীমালা মন্দিরের স্বর্ণ চুরির ঘটনা। যদিও এই ঘটনায় সরাসরি এলডিএফ সরকারের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি, তবুও বিষয়টি নিয়ে তাদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।