ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুভেন্দুর সহকারীর হত্যাকাণ্ড নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৩

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ১০:৩৮ এএম
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্যের দাবি করেছে রাজ্য প্রশাসন। তদন্তকারীদের মতে, ঘটনার এক সপ্তাহের মাথায় উত্তরপ্রদেশ থেকে তিনজন ভাড়াটে শার্পশুটারকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ মে) গ্রেপ্তারকৃতদের বারাসত আদালতে তোলা হবে বলে জানিয়েছে প্রশাসন।

গত ৬ মে রাতে মধ্যমগ্রামে নৃশংসভাবে খুন হন চন্দ্রনাথ রথ। অভিযোগ অনুযায়ী, খুব কাছ থেকে তাকে একাধিক গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার আগে রাজনৈতিক পরিবেশে উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে।

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের আগের রাতে এই হত্যাকাণ্ড ঘটায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তদন্তে সিআইডি ও এসটিএফ জানতে পারে, পালানোর সময় সন্দেহভাজনরা বালির টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টোল পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তরপ্রদেশে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যবহৃত গাড়িতে ভুয়া নম্বর প্লেট ছিল বলেও জানা গেছে। তদন্তে আরও উঠে এসেছে, একটি অনলাইন গাড়ি বিক্রির বিজ্ঞাপন থেকে নম্বর সংগ্রহ করে ভুয়া নম্বর প্লেট তৈরি করা হয়েছিল।

গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ করে মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি। চন্দ্রনাথ রথকে কেন টার্গেট করা হয়েছিল—এর পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত আরও গভীর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।