ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬৫০ কিলোমিটার হেঁটে থালাপতিকে দেখতে আসলেন এক দম্পতি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৮:৫৮ পিএম
রাফি ও শাহানামুল । ছবি : সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পায়ে হেঁটে কেরালা থেকে চেন্নাই এসেছেন এক দম্পতি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা ভাইরাল হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ভাইরাল ওই দম্পতির নাম মোহাম্মদ রাফি ও উম্মু শাহানামুল। কেরালার মালাপ্পুরাম জেলার তানুরের বাসিন্দা তারা। রাফি পেশায় একজন ড্রাইভার, তার স্ত্রী শাহানামুল ভ্রমণ ও দৈনন্দিন জীবন নিয়ে ভিডিও ভ্লগ তৈরি করেন। কেরালা থেকে ৭ মে তারা যাত্রা শুরু করেন। ১০ মে তারা তামিলনাড়ুর পারালি এলাকায় পৌঁছান।

রাফি এবং শাহানামুল দুজনেই বিজয়-এর দীর্ঘদিনের ভক্ত এবং বিজয়ের চলচ্চিত্রে অভিনয় থেকে শুরু করে তার রাজনৈতিক যাত্রায় অনুপ্রাণিত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন তারা। তাদের এই অদম্য ভালোবাসা ও ফ্যানডম ইন্টারনেটে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা ২৩৪। গত ৪ মে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা যায়, ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে থালাপতি বিজয়ের টিভিকে। এম কে স্টালিনের নেতৃত্বাধীন দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) ৫৯টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে কংগ্রেস ৫টি এবং পাত্তালি মাক্কাল কাজি (পিএমকে) ৪টি আসনে জয় পেয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআইএম) এবং বিদুত্থালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) তিনদলই নির্বাচনে দুটি করে আসন পায়।

রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের ৯ মন্ত্রীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।