পেট্রোল ও ডিজেলের দাম আবারও বাড়ল। শনিবার (২৩ মে) সকালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়েছে। একই সঙ্গে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ৯১ পয়সা। গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় দফার জ্বালানির মূল্যবৃদ্ধি। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সাধারণ মানুষ বাড়তি ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মধ্যবিত্তের ব্যয় বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৯৪ পয়সা। ফলে শনিবার থেকে সেখানে প্রতি লিটার পেট্রোল কিনতে গুনতে হচ্ছে ১১০ টাকা ৬৪ পয়সা। একই সঙ্গে ডিজেলের দাম বেড়েছে ৯৫ পয়সা।
নতুন দরে কলকাতায় প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৭ টাকা ২ পয়সায়। জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালানোর খরচের পাশাপাশি বাস, ট্যাক্সিসহ গণপরিবহনের ভাড়াতেও।
এর আগে গত ১৫ মে সারা দেশে এক দফায় লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছিল পেট্রোলের দাম। এরপর ১৯ মে আরও ৯০ পয়সা বৃদ্ধি করা হয়। সব মিলিয়ে গত ১০ দিনে পেট্রোলের দাম প্রায় ৫ টাকা বেড়ে গেল।
নতুন মূল্য অনুযায়ী, দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯২ টাকা ৪৯ পয়সা।
পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতসহ বহু দেশই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে। ফলে বিশ্ববাজারে দামের ওঠানামার সরাসরি প্রভাব পড়ছে দেশটির অভ্যন্তরীণ বাজারে।
এ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আগামী এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।
এদিকে দিল্লি ও আশপাশের এলাকায় কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) দামও বাড়ানো হয়েছে। প্রতি কেজিতে ১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮১ টাকা ৯ পয়সা। নয়ডা ও গাজিয়াবাদে প্রতি কেজি সিএনজি বিক্রি হচ্ছে ৮৯ টাকা ৭০ পয়সায়। অটোরিকশার জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজির দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।
তবে এখন পর্যন্ত কলকাতায় নতুন করে সিএনজির দাম বাড়ানোর কোনো ঘোষণা আসেনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন