ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ উচ্চমানের গাঁজাসহ এক ভারতীয় মডেলকে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটিরও বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হওয়া নারী হর্ষা সানি (২৮) ‘মিসেস কেরালা ২০২৫’ প্রতিযোগিতার একজন সাবেক প্রতিযোগী। ব্যাংকক থেকে ভারতে ফেরার সময় তার লাগেজে মাদক থাকার অভিযোগ ওঠে।
কাস্টমস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১০ জুন দিবাগত রাতে ব্যাংকক থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হর্ষা। বিমানবন্দরে নজরদারির দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে তার আচরণ অস্বাভাবিক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্য আলাদা করা হয়।
পরে তার বহন করা ট্রলি ব্যাগে ভ্যাকুয়াম-প্যাক করা ১২টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে থাকা সবুজাভ পদার্থ পরীক্ষা করে তা উচ্চমানের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’ বলে নিশ্চিত হন কর্মকর্তারা।
জব্দ করা মাদকের ওজন ১১ কেজিরও বেশি। ভারতীয় মুদ্রায় এর বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮২ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ২৮ লাখ টাকার সমান।
ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণসংক্রান্ত আইনে হর্ষা সানিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
কাস্টমস বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানটি কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং এর পেছনে কোনো বৃহত্তর চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন