ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযানে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:২৯ এএম
সৌদি আরবের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের  কর্মকর্তাদের ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশব্যাপী এই অভিযান পরিচালনা করেছে তদারকি ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ নাজাহা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরবি দৈনিক ওকাজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ

সৌদি আরবের তদারকি ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ নাজাহা জানায়, দেশব্যাপী পরিচালিত এই অভিযানে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এক বিবৃতিতে নাজাহা জানায়, চলমান নিয়ন্ত্রক ও ফৌজদারি কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর মাসে তারা ১ হাজার ৪৪০টি পরিদর্শন অভিযান পরিচালনা করেছে। জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌরসভা ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মচারীরা রয়েছেন।

নাজাহা আরও জানায়, এসব তদন্ত মূলত ঘুষ লেনদেন এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, যাতে তাদের বিচার বিভাগের কাছে সোপর্দ করা যায়।

কর্তৃপক্ষ জানায়, এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো সরকারি অর্থ সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধে তাদের অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন।