সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আল শাদ্দাদিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। কুর্দিদের নিয়ন্ত্রণাধীন এ শহরে আইএসআইএসের সন্ত্রাসীরা কারাগার থেকে পালিয়ে যাওয়ার পর এ কারফিউ জারি করা হয়।
গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রণাধীন অঞ্চল ও শহরে সুদান ডেমোক্রেটিক ফোর্সেস’র বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।
২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার চেষ্টা শুরু করেন। এর অংশ হিসেবে এসডিএফের সঙ্গে আলোচনাও শুরু করেন। কিন্তু আলোচনা ভেস্তে যায়। এরপর কুর্দি যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে সেনাবাহিনী।
এরমধ্যে কুর্দিদের নিয়ন্ত্রণ থেকে অনেক অঞ্চল উদ্ধার করেছে সেনাবাহিনী। টানা কয়েকদিন ব্যাপক সংঘর্ষ চলার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এ যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, এসডিএফ মূলত যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সংগঠন। বিগত এক যুগ ধরে স্বাধীন কুর্দিস্থান প্রতিষ্ঠান তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে এসডিএফ। পাশাপাশি অঞ্চলটিতে আইএসআইএসের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছিল তারা।
অঞ্চলটিতে এক ডজনেরও বেশি কারাগার নিয়ন্ত্রণ করে এসডিএফ, যেখানে কমপক্ষে ৯ হাজারেরও বেশি আইএসআইএস সদস্য বন্দি আছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, শাদ্দাদি কারাগার থেকে কমপক্ষে ১২০ আইএসআইএস বন্দি পালিয়ে গেছেন। অপরদিকে এসডিএফের মুখপাত্র ফরহাদ শামির বরাতে কুর্দি ওয়েবসাইট রুদাউ জানায়, কারাগার থেকে কমপক্ষে ১৫০০ হাজার বন্দি পালিয়ে গেছেন।

