ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরাইলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৭:৪১ এএম
ছবি: সংগৃহীত

ইসরাইলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (২ মার্চ) ভোরে উত্তর ইসরাইলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর ইসরাইল প্রায় প্রতিদিন লেবাননে হামলা চালালেও এই প্রথমবার সরাসরি ইসরাইলকে লক্ষ্য করে হামলা করল হিজবুল্লাহ।

ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে এবং এর পেছনে হিজবুল্লাহ রয়েছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন ও তার জনগণকে রক্ষায় এবং ইসরাইলের ধারাবাহিক আগ্রাসনের জবাবে তারা এ হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতির পরও ইসরাইলি বাহিনী ১৫ মাস ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। দখলকৃত লেবাননের ভূখণ্ড থেকে সরে যাওয়ার সতর্কবার্তা হিসেবেই এ জবাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, হিজবুল্লাহর হামলার পর লেবাননের রাজধানী বৈরুত–এ বোমা হামলা শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে লেবাননভিত্তিক এই গোষ্ঠী।