মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ২০২৬ সালের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে ঈদুল আজহা।
এদিকে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী বাংলাদেশ সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ পালন করে। সেই হিসেবে, যদি আমিরাতে ২৭ মে ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানেও একই সময়ে ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা মহান ত্যাগের শিক্ষা বহন করে। হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। এটি ছিল তার প্রতি আল্লাহর এক কঠিন পরীক্ষা। পরবর্তীতে আল্লাহ তাআলা তাঁর আনুগত্যে সন্তুষ্ট হয়ে বিকল্প হিসেবে পশু কোরবানির ব্যবস্থা করেন।
সেই ঘটনার স্মরণে ইসলাম ধর্মে কোরবানির বিধান চালু হয়, যা আজও মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।
সূত্র : গালফ নিউজ

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন