ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার জন্য একটি অভিন্ন কাঠামো তৈরির লক্ষ্যে নিজেদের মধ্যে লিখিত খসড়া বিনিময় করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে কৌশলগত হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র মতবিরোধের কারণে আলোচনা তৃতীয় ধাপে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি ও আল জাজিরা।
তাসনিম জানায়, ইসলামাবাদে অবস্থানরত তাদের সংবাদদাতার বরাতে জানা গেছে, ওয়াশিংটনের ‘অতিরিক্ত চাহিদা’ আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। বর্তমানে আলোচনা চলমান থাকলেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে গুরুতর মতপার্থক্য রয়ে গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত বা রোববার (১২ এপ্রিল) তৃতীয় দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আইআরআইবি জানিয়েছে, আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে রাষ্ট্রীয় টিভি বলছে, খুব শিগগিরই আরেক দফা আলোচনা হতে পারে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আয়োজক দেশ পাকিস্তানের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সরাসরি এই আলোচনা চলছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ আগে উভয় পক্ষ পৃথক কক্ষে বসে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করত।
ইরানি সংবাদমাধ্যমগুলোর মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মতবিরোধ আলোচনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদে গভীর রাত পর্যন্ত উচ্চপর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা এখনো চলছে।
এই আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।
অন্যদিকে, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন।
ইরান সরকারের এক্স-এ দেওয়া পোস্টে বলা হয়েছে, আলোচনা এখন বিশেষজ্ঞ পর্যায়ে প্রবেশ করেছে। অর্থনৈতিক, সামরিক, আইনি ও পারমাণবিক বিষয়ক কমিটিগুলো এতে যুক্ত হয়েছে।
পোস্টে আরও জানানো হয়, ইসলামাবাদের সেরেনা হোটেলে কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি বৈঠকের পর উভয় পক্ষের বিশেষজ্ঞ দলগুলো আলোচিত বিষয়গুলোর ওপর লিখিত খসড়া বিনিময় করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন